যশোর অফিস
যশোর শহরের বকচর এলাকা থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী তিন্নি (২০)-এর সন্ধান দুই মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি। মেয়ের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা লাইলী বাবা আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়,গত ৫ মে ২০২৬ দুপুর দেড়টার দিকে যশোর শহরের বকচরের নিজ বাসা থেকে হুশতলা যাওয়ার উদ্দেশ্যে বের হন তিন্নি। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘদিন অনুসন্ধানের পরও মেয়ের খোঁজ না পেয়ে তিন্নির মা লাইলী গত ২৬ মে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ তিন্নি মানসিক ভারসাম্যহীন এবং যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
নিখোঁজ তিন্নির উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা জামা, সাদা ওড়না, কফি রঙের পায়জামা এবং পায়ে গোলাপি রঙের বার্মিজ স্যান্ডেল।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন্নির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা যশোর কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মেয়ের সন্ধান পেতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিন্নির পিতা মাতা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
যোগাযোগের মাধ্যম পিতা আনোয়ার হোসেন ০১৭৮১৫২৭৩২৫













