যশোর অফিস
যশোরের কেশবপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই দুপুরে উপজেলার ভালুকঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লাভলু মোল্লা কৌশলে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরী পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেপ্তার করে কেশবপুর থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়ার প্রস্তুতি চলছে।













