জহিরুল ইসলাম বাবলু চট্টগ্রাম ব্যুরো:- চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালিয়ে নাদিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলামের নেতৃত্বে হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের মুক্তিযোদ্ধা কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাদিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি ও হেফাজতে থাকা সামগ্রী থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক নাদিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচলাইশ থানা পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে, কীভাবে এটি তাঁর কাছে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













