সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিকিৎসা সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান বাগেরহাট ইসলামী হসপিটালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের সোনাতলা এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, ইসলামী হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান।সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের পরিচালকবৃন্দ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবা, বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বাগেরহাট ইসলামী হসপিটাল জেলার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত সফটওয়্যার ও ডিজিটাল ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখে অতিথিরা প্রশংসা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিষ্ঠানটিকে বাগেরহাটবাসীর আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের যুক্ত করতে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য ব্যবসা নয়, সেবা। রোগীদের জন্য মাত্র ২০০ টাকা পরামর্শ ফি নির্ধারণ করা হয়েছে, যেখানে অনেক হাসপাতালে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়। এছাড়া ঢাকা ও খুলনার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও স্থানীয়রা বলেন, বাগেরহাটবাসী এখন নিজ জেলাতেই আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন, যা জেলার স্বাস্থ্যখাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।













